admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ
মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ড. কে এম কামরুজ্জামান সেলিম জানিয়েছেন, চলতি জুন মাসেও ঠাকুরগাঁওয়ে কিস্তি আদায় করতে পারবে না ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলো। ঋণের কিস্তি আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে অফিস-আদালত। ঘরবন্দি লোকজনও নেমেছেন কাজে। এ পরিস্থিতিতে এনজিও গুলোও প্রস্তুতি নিচ্ছে কিস্তি আদায়ের। কোথাও কোথাও কিস্তি আদায়ে ঋণগ্রহীতাদের চাপ দেয়ারও অভিযোগ আসছে।
এরই প্রেক্ষিতে সোমবার (০১ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম লিখেছেন, এনজিও থেকে গৃহীত ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধে কোনো ঋণগ্রহীতাকে ৩০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না। জানতে চাইলে ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, আগামী ৩০ জুন পর্যন্ত ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করা যাবে না। এ নিয়ে রেগুলেটরি অথরিটির নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কিস্তি আদায়ের প্রমাণ পেলে আইন ব্যবস্থা নেয়া হবে। তবে কেউ স্বেচ্ছায় কিস্তি দিতে চাইলে সেক্ষেত্রে আপত্তি নেই।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, কোথাও জোর করে ঋণ আদায় করা হলে এনজিওর ঋণ কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিলের ক্ষমতা রয়েছে আমাদের। প্রয়োজনে সেটাই করব আমরা। তিনি বলেন,বার বার সতর্ক করার পরও ঋণ আদায় করলে লাইসেন্স বাতিল করা হবে।