মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বিভাস সরকারের বাড়িতে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালা কেটে ঘরে প্রবেশ করে।
বাড়িতে তখন ছিলেন বাসনা রানী সরকার (৫০), আলপনা রানী সরকার (৪৫) ও তাদের মা। ডাকাতরা ঘরে ঢুকে দুই নারীকে হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুভজিৎ সরকার, যিনি বগুড়া শহরে থেকে পড়াশোনা করেন, জানান ডাকাতরা প্রায় আট ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা এবং কাঁসার থালাবাসন নিয়ে যায়। এছাড়া তারা আশপাশের বাড়িগুলোর দরজা বাইরে থেকে আটকে দেয়, ফলে চিৎকার শুনেও কেউ বের হয়ে এসে সাহায্য করতে পারেনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ভুক্তভোগীরা এখনো মামলা করেননি। তবে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই চক্র শনিবার রাতেই দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামেও ডাকাতি করেছে বলে ধারণা করা হচ্ছে।