admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ
রেলপথমন্ত্রী জানিয়েছেন ১১ আগস্ট থেকে অর্ধেক আসনে চলবে ট্রেন। গণপরিবহন চালু হলে লকডাউনের বিধিনিষেধ শেষে ১১ অগাস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার তিনি দেশ রূপান্তরকে বলেন, যদি গণপরিবহন চালু হয় তাহলে আমরা রেল চালাব ১১ তারিখ থেকে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। শুধু অনলাইনে টিকেট পাওয়া যাবে এবং কাউন্টার বন্ধ থাকবে। তবে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে বলে জানান।
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, ‘ঈদের সময় যেভাবে ট্রেন পরিচালনা করেছিলাম, সেভাবে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছি। তবে সবকিছুই নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্যসব যাত্রীবাহী গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। জীবন-জীবিকা ও ঈদকে ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে তখন রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।
এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেই বিধিনিষেধের সময়সীমা আরো পাঁচ দিন বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে সরকার। কোভিড পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১১ অগাস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খুলবে।
সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে। তবে এ রোটেশন কীভাবে হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নাই বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।