admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ
রাজধানীতে করোনার ৫ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। অবস্থা এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে হাসপাতালগুলোতে রোগী ভর্তির জায়গা নেই। এ অবস্থায় ভাইরাসটি প্রতিরোধে রাজধানী ঢাকায় ৫টি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া আজ শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
৫টি স্থানের একটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কনভেনশন সেন্টার। এদিন সন্ধ্যায় বিএসএমএমইউ হাসপাতালের টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এই তথ্য জানান লোকমান হোসেন মিয়া। তবে ফিল্ড হাসপাতালের বাকি ৪টি স্থানের কথা জানাননি তিনি।
এর আগে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে করোনার ডেডিকেটেড হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং জনবল পুনর্বণ্টন করা হচ্ছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে, সেগুলোতে কীভাবে শয্যা সংখ্যা বাড়ানো যায়, কীভাবে জনবল পুনর্বণ্টন করা যায়, সেদিকে আমরা মনোযোগ দিয়েছি। একই সঙ্গে ফিল্ড হাসপাতাল করা যায় কি না- সে বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।