admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট-কিডনির সমস্যা, উদ্বিগ্ন চিকিৎসকেরা। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হলেও হার্ট ও কিডনির সমস্যা নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত চিকিৎসকেরা। আজ শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে খালেদা জিয়াকে দেখতে গিয়ে একটু হাসি দেখতে পেয়েছেন বলে জানান তিনি।
এতদিন এমনটা একেবারেই ছিল না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, চিকিৎসকদের থেকে জেনেছি, নেত্রীর শরীরের সেই তাপমাত্রা ও শ্বাসকষ্ট এখন নেই। তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো। তবে খালেদা জিয়ার করোনা পরবর্তী জটিলতা নিয়ে একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে জানিয়ে তিনি বলেন, তার হার্ট ও কিডনি একটু আক্রান্ত। এটা নিরাময়ের চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, এ ধরনের চিকিৎসায় যে সমস্ত ইকুইপমেন্ট দরকার, সেগুলো এখানে নেই। হাসপাতালটিতে এগুলো ভালো থাকলেও অ্যাভেইলেবেল না। সেজন্যই নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চেয়েছিল তার পরিবার।
সরকার মনে করে, খালেদা জিয়া বাইরে গিয়ে ফের সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে কাজ শুরু করবেন। এত ভয়ের কারণ হলো- জনগণের সত্যিকারের, একমাত্র প্রতিনিধি বা নেতা তিনি। বেগম জিয়া সুস্থ হয়ে আবারো সবার মাঝে ফিরে আসবেন, বলে আমরা আশা করি। উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গত ৩ মে রাতে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। যদিও বর্তমানে করোনামুক্ত খালেদা জিয়া।