admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ২:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশে নতুন করে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। এনিয়ে মোট ৫৬ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। নতুন দুজনই পুরুষ, একজনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে, আরেকজনের বয়স ৭০ থেকে ৮৯ এর মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশে ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে পাঁচজন। বর্তমানে ৭৮জন আইসোলেশনে আছেন। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। বুধবার প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।
মৃদু কমিউনিটি সংক্রমণ ন্যাশনাল পোলিও এন্ড মিজেলস ল্যাবরেটরির ভাইরোলজিস্ট ডা. খন্দকার মাহবুবা জামিল বলেন, মৃদু লেভেলে হলেও কমিউনিটি সংক্রমণ হচ্ছে। আইইডিসিআরের পরিচালক এর আগেই এই তথ্য জানিয়েছেন। বিভিন্ন স্থান থেকে যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে, তাতে আমরা ততটা পজিটিভ পাচ্ছি না। কমিউনিটি ট্রান্সমিশন যদি বেশি হতো,তাহলে এর সবগুলোতেই আমরা পজিটিভ দেখতে পেতাম। ফলে আমরা বলতে পারি, কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু সেটা মৃদু পর্যায়ে হচ্ছে।