admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ব্রিটেনের কাছে এটা আশা করেনি। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি মানবাধিকার বিষয়ক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক মন্তব্য করা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এটা আশা করে না বাংলাদেশ।বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ড. মোমেন। আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আজ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে এ বিষয়টি (মানবাধিকার রিপোর্ট) উঠবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, অবশ্যই উঠবে। আমি এর আগেও বারবার এই বিষয়ে কথা বলেছি। আমি বলেছি, সরকারের গ্রহণযোগ্যতা যদি তারা বাড়াতে চায়, তা হলে বস্তুনিষ্ঠ হতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কান কথা শুনে ও মিডিয়া দেখে প্রতিবেদন তৈরি করা ঠিক না। আমরা যুক্তরাজ্যের মতো পরিপক্ক একটা সরকারের কাছ থেকে এমনটা আশা করতে পারি না। এ রকম কান কথা শুনে অন্যান্য অনেক দেশ বিবৃতি তৈরি করে, যেটা কোনো ম্যাচিউর দেশের কাছ থেকে আশা করা যায় না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তাসখন্দে কিছুদিন আগে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়।
বাংলাদেশের ব্যাপারে কোনো প্রকাশ কারণ ছাড়াই তারা রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। অথচ আমাদের চেয়ে বেশি লোক মারা গেছে ভারতে। কিন্তু তাদের ক্ষেত্রে রেড অ্যালার্ট নেই। ড. মোমেন বলেন, এর কারণ হিসেবে কেউ কেউ বলেন যে, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় এমনটা হয়েছে। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না।