admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
অক্সিজেন উৎপাদন-সরবরাহে কোনো সংকট নেই অধিদপ্তর। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এই মুহূর্তে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম আজ রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এই বুলেটিনে তিনি বলেন, বর্তমানে চাহিদার তুলনায় দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে অক্সিজেনের চাহিদা অব্যাহতভাবে বাড়তে থাকলে তা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন তিনি।
সম্প্রতি সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেন সংকটে হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এমনকি জাতীয় সংসদেও বিষয়টি তুলেছেন কয়েকজন সংসদ সদস্য। এ প্রসঙ্গে ডা. মো. নাজমুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে অভিযোগ সত্যি কি না- তা নিশ্চিত করে বলা যাবে। এ সময় দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পুনঃআহ্বানও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
তিনি জানান, অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের পক্ষ থেকে প্রতি মুহূর্তে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখা হচ্ছে। নাজমুল ইসলাম বলেন, এ মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। তবে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে। সেক্ষেত্রে বর্ধিত চাহিদা পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে।