admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাউস অ্যারেস্ট, ব্রিটিশ হাইকমিশনারকে তলব। খালেদা জিয়া হাউস অ্যারেস্ট বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনারকে তলব করেছে সরকার। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসায় অবস্থানকে হাউস অ্যারেস্ট হিসেবে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার (এএইচসি) জাভেদ প্যাটেলকে আজ রোববার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাউস অ্যারেস্ট শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। তবে শর্ত ছিল যে দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে। এর পর থেকে চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া কোথাও যাননি তিনি। মুক্তি পাওয়ার পর থেকে মূলত গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন বিএনপি নেত্রী।