admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশ ভারতের সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগির এয়ার বাবল সুবিধার আওতায় ভারতের সঙ্গে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ক্ষেত্রেও শর্ত শিথিল করা হচ্ছে। সূত্র জানায়, করোনাভাইরাসের দুই ডোজ টিকা যারা বাংলাদেশে প্রবেশের ১৪ দিন আগে যারা নিয়েছেন, তারা টিকা কার্ড এবং আরটি-পিসিআর নেগেটিভ সনদ দেখানো সাপেক্ষে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করবেন, যেখানে আগের সিদ্ধান্তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছিল।
এক্ষেত্রে তাদের করোনা পরীক্ষা র্যা পিড অ্যান্টিজেন পদ্ধতিতে করা হতে পারে। তবে টিকা নেওয়া না হলে পালন করতে হবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এদিকে, শিগগির ভারতের সঙ্গে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা থাকায় সরকার আগামী ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া, বেনাপোল, হিলি, দর্শনা, সোনামসজিদ ও বুড়িমারী ছাড়া বাকি সব স্থল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে।
তবে ফ্লাইট চালু হলে এসব বন্দর পর্যায়ক্রমে খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, সম্প্রতি বাংলাদেশ এয়ার বাবল ফ্লাইট চালুর বিষয়ে ভারতকে প্রস্তাব দেয়। এত ভারতীয় কর্তৃপক্ষ সম্মতি দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি। তবে চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতে এই ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।