admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশে ৭ দিন বাড়ছে শিথিলতা দিয়ে বিধিনিষেধ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হতে পারে। তবে লকডাউন বা বিধিনিষেধ বাড়ানো হলেও এ দফায় কিছু বিষয়ে তা শিথিল করা হবে বলে জানা গেছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফায় বিধিনিষিধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিষয়টি আগামীকাল মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে।
এদিনে বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবারের ওই সভায় ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআরের পরিচালকসহ সংশ্লিষ্টরা সংযুক্ত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি আজ সোমবার সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে ৮ দিনের জন্য শিথিল করা হয় লকডাউন বা বিধিনিষেধ। এর পর গত ২৩ জুলাই থেকে চলছে ১৪ দিনের লকডাউন। যা শেষ হবে আগামী ৫ আগস্ট। কিন্তু টানা লকডাউন চললেও করোনার সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ করা যাচ্ছে না। এ অবস্থায় কঠোর বিধিনিষেধ আরো বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। যদিও এর মধ্যেই গতকাল ১ আগস্ট (রোববার) থেকে রপ্তানিমুখী শিল্প ও কল-কারখানা খুলে দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৫ আগস্টের পর নতুন করে যে বিধিনিষেধ দেওয়া হবে, তাতে কিছুটা শিথিলতা থাকবে। যেমন- সীমিত পরিসরে খুলবে সরকারি ও বেসরকারি অফিস। পাশাপাশি সীমিত পরিসরে চালু করা হতে পারে গণপরিবহনও। একই সঙ্গে খুলে দেওয়া রপ্তানিমুখী শিল্প-কলকারখানা চালু রাখা হবে। প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত লকডাউন আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ করে স্বাধ্য অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম ওই দিন সরকারকে এমন প্রস্তাব দেন।
অন্যদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের বিষয়ে গত ৩১ জুলাই বলেন, বিষয়টি অবশ্যই তাদের বিবেচনায় আছে। সবকিছুর মধ্যে একটা সমন্বয় আমাদের করতে হবে। এ জন্য আমরা একটু সময় নেব। আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়টি পরিষ্কার করা হবে।