admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
চট্টগ্রামে আকাশ থেকে ছিটানো হলো বীজ। প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহযোগিতা নিয়ে বীজ ছিটিয়েছে বন বিভাগ। মুজিববর্ষ উপলক্ষে মাতামুহুরী-সাঙ্গু দুর্গম সংরক্ষিত বনাঞ্চলে বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে এই বনায়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার আকাশ থেকে সিডবল নিক্ষেপের মাধ্যমে দুর্গম সংরক্ষিত বনাঞ্চলে বীজ ছিটানো হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াবুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।
এদিন আলীকদম সেনা জোনের হেলিপ্যাডের সবুজায়ন মাঠে এ কর্মসূচি শুরু হয়। উদ্বোধন শেষে মাটি মিশ্রিত সিডবল ভর্তি বক্সগুলো দুর্গম সংরক্ষিত বনাঞ্চলে হেলিকপ্টারে করে ছিটানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ৫৭ বিজিবির অধিনায়ক মো. ইফতেখার হোসেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আব্দুল আউয়াল সরকার, লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার।
এ ছাড়া বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম কায়সার বলেন, বিলুপ্ত ও বনাঞ্চল সৃষ্টিতে সহায়ক এমন ৩০ প্রজাতির বীজ সিডবলের মাধ্যমে ছিটানো হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে সিএইচটিডব্লিউসিএ এসআইডি এবং সিএইচটি প্রকল্পের মাধ্যমে। এর মধ্যে চম্পা, হারগাজা, গামার, চাপরাশি, জাম, তেলশুরসহ প্রায় ৩০ প্রজাতির বীজ আছে।
বিষয়টি নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াবুল হক বলেন, বান্দরবানের দুটি সংরক্ষিত বনাঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে বীজ ছিটানো হচ্ছে। এটি একটি মহতী উদ্যোগ। এখানকার জীববৈচিত্র্য রক্ষা হোক, মানুষ প্রকৃতির সঙ্গে মিশে থাকুক, আমরা সেটাই চাই।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||