admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ৭:৫৩ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ মার্চ রবিবার ঠাকুরগাঁও পৌরসভাধীন শান্তিনগর এলাকায় তার বাসায় গিয়ে তাকে না পেয়ে ফোন করে তাকে বাসায় হাজির করা হয় এবং হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় তাকে সতর্ক করে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, বার বার বলার পরও ভারত থেকে আসা বর্ষা শীল বাইরে ঘোরাফেরা করছে এলাকাবাসি এমন খবর দিলে সেখানে হাজির হয়ে তাকে ফোনে বাসায় ডেকে এনে জরিমানা করা হয়। এছাড়াও পরবর্তীতে তিনি আর বাসা থেকে বের হবেন না মর্মে মুচলেকা দিলে তাকে তার স্বামীর জিম্মায় তুলে দেওয়া হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন করোনা ভাইরাস সম্পর্কে সকলকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দিয়ে বলেন, আপনাদের এলাকার বিদেশ ফেরতরা যদি বাড়ীর বাইরে ঘোরাফেরা করেন তাহলে অবশ্যই বিষয়টি সাথে সাথে সদর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাবেন। এছাড়াও করোভাইরাস প্রতিরোধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।