admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ৮:০২ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) ভবনে চালু হচ্ছে ৪০ শয্যার আইশোলেশন ইউনিট। এদিকে জেলার ৫টি উপজেলায় বিদেশ ফেরৎ ৫৪ জন নারী-পুরুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন পূর্ন হওয়ায় ২ জনকে কোয়ারেন্টাইনে থাকা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ ব্যপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানিয়েছেন, ‘সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী হাসপাতালে নতুন ভবনের ৩য় তলায় ১২ শয্যার আইশোলেশন ইউনিট রেডি আছে। এখনো জেলায় কোন করোনা রোগী শনাক্ত না হলেও আমরা সতর্ক রয়েছি। সেই সাথে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের বাইরে টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর ২য় ও ৩য় তলায় ৪০ শয্যার আইশোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে।