admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
১১০ বিলাসবহুল গাড়ি কম দামে নিলামে উঠছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, কারনেট ডি প্যাসেজ সুবিধার আওতায় আসা ১১০টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ ও ৪ নভেম্বর এই গাড়িগুলো নিলামে বিক্রি করা হবে। যে কেউ নিলামে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার মো. তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
শনিবার, ১৬ অক্টোবর, রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, এনবিআর ও চট্টগ্রাম বন্দরের ওয়েসবাইটে নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এনবিআর জানিয়েছে, যারা নিলাম থেকে গাড়ি কিনতে চান তাদের টেন্ডার জমা দিতে হবে। টেন্ডার আবেদন খামে জমা দিতে হবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও মোংলায় কাস্টম অফিসে রাখা টেন্ডার বাক্সে। কেউ যদি গাড়ি দেখতে চান তাহলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ছবিসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার মাধ্যমে আগে থেকে পাস নিতে হবে। আর আবেদন করতে হবে গাড়ি পরিদর্শনের তিন দিন আগে।
আগামী ২৭, ২৮ অক্টোবর ও ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গাড়ি পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, ক্রেতারা এবার অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এ জন্য আগামী ১৮ অক্টোবর সশরীরে অথবা অনলাইন প্ল্যাটফর্মে এ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগামী দুই একদিনের মধ্যে এনবিআর ও চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইটে নিলামে তোলা পণ্যের বিস্তারিত বিবরণ আপলোড করা হবে।
প্রসঙ্গত, এ নিয়ে এসব গাড়ি পঞ্চমবারের মতো নিলামে তোলা হচ্ছে। আগের চারবার নিলামে তোলা হলেও একটি গাড়িও বিক্রি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, ১ থেকে ৩ কোটি টাকা মূল্যের এসব গাড়ি এবার নিলামে কম দামে পাওয়া যাবে।