admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্র মুখে গণতন্ত্র ও ন্যায় বিচারের কথা বললেও খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে দেশটিতে পলিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে না দেয়ার বিষয়টি ইঙ্গিত করেন শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের প্রকাশ করা মুজিব স্মারকগ্রন্থ বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং মুজিববর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠর মোড়ক উন্মোচন করেন তিনি।
আদালত চত্বরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিষয়ে তিনি বলেন, আইনের শাসনে বিশ্বাস করি আমরা। কিন্তু আমাদের ক্ষেত্রে কী ঘটেছে? বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর অর্ডিন্যান্স দেয়া হলো। তাতে খুনিদের বিচার করা যাবে না, মামলাও করা যাবে না- এমনটা বলা হয়েছে।
বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে মানুষ সব অধিকার হারিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারবালার ময়দানেও শিশু-নারীদের এভাবে হত্যা করা হয়নি। ওই জঘন্য হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে এদেশে, আমরা সেটা করেছি। বঙ্গবন্ধু হত্যার চক্রান্তে জড়িতদেরও খুঁজে বের করা হবে উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো- যুক্তরাষ্ট্র সবসময় ন্যায় বিচার, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের কথা বলে। কিন্তু আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, ন্যায়বিচার পাইনি, বিচার হলেও খুনিদের আশ্রয় দিয়েছে দেশটি।