admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
ব্রিটিশ স্থাপত্য পুরস্কার পাচ্ছে বাংলাদেশি হাসপাতাল! রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টসের এ বছরের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের একটি কমিউনিটি হাসপাতাল। সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল তিনটি সাইটের মধ্যে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে প্রকাশিত দ্য ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০১৮ সালে তৈরি করা ৮০ শয্যার সাতক্ষীরার এই হাসপাতালের নকশাকারক কাশেফ মাহমুদ চৌধুরী।
স্থানীয় উপকরণে তৈরি কাঠামোটি, কৌণিক খাল দ্বারা সংযুক্ত উঠোন এবং করিডোরে নেটওয়ার্ক থাকায় বিশেষ মর্যাদা পেতে যাচ্ছে হাসপাতালটি। খবরে বলা হয়, সাতক্ষীরা ফ্রেন্ডশিপ হাসপাতাল নিয়ে জুরিবোর্ডের মূল্যায়ন হলো- গ্রামাঞ্চলে ক্লিনিক্যাল সুবিধার জন্য টেকসই এবং সাশ্রয়ী মূল্যের ব্লুপ্রিন্ট হতে পারে হাসপাতালটি।
সাতক্ষীরার এই হাসপাতালের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে- ডেনমার্কের লিলে ল্যাঞ্জেব্রো ও জার্মানির জেমস সিমন গ্যালারি।আন্তর্জাতিকভাবে পরিচিত এই পুরস্কার দুই বছর পর পর দেয়া হয়। যুক্তরাজ্যের বাইরে থাকা ডিজাইনের শ্রেষ্ঠত্ব এবং অর্থপূর্ণ সামাজিক প্রভাব দেখে নির্বাচন করা হয়।