admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
বিশ্বব্যাংক বাংলাদেশকে ১৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে ২০ কোটি ডলার তথা ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দেয়ার একটি চুক্তি সই করেছে বিশ্বব্যাংক। আজ বুধবার ঢাকায় এ সংক্রান্ত চুক্তি সই করা হয়। এতে স্বাক্ষর করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সডমেন্ট অব ইনফরমাল সেক্টর ইম্পলয়মেন্ট’ প্রকল্পের আওতায় এই ঋণ দেয়া হয়েছে। যা বাস্তবায়ন করবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এই অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত শহরাঞ্চলের নিম্নআয়ের যুব সম্প্রদায় এবং বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক সুযোগ বাড়াতে ব্যয় হবে। প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্রশিক্ষণ, শ্রমবাজারে প্রবেশে তথ্য এবং ঋণ সহায়তা দেয়া হবে। এর আওতায় শহরাঞ্চলে ‘অন দ্য জব ট্রেইনিং’র মাধ্যমে ব্যবসা ব্যবস্থাপনায় উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণে সহায়তা করা হবে। প্রকল্পটির ১৫ কোটি ডলার খরচ করবে পিকেএসএফ। বাকি ৫ কোটি ডলার ব্যয় করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
প্রকল্পে ২০ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ। ঋণে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য সুদের হার ১ দশমিক ২৪ শতাংশ। এর সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ এবং অনুত্তোলিত অর্থে সর্বোচ্চ কমিটমেন্ট চার্জ হবে ০.৫০ শতাংশ।