উত্তম কুমার,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি করাইয়া এবং সঞ্চালনায় ছিলেন মো. নজরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি মেয়ের জীবন, একটি পরিবারের ভবিষ্যৎ এবং পুরো সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়, তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে।
তিনি আরও বলেন, সরকার বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করলেও শুধু আইন দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অভিভাবকদের সচেতনতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা, তাদের শিক্ষা নিশ্চিত করা এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া অত্যন্ত জরুরি।
নিবেদিতা দাস আরও আহ্বান জানান, অভিভাবকরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসেন, তাহলে এই সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কিশোর-কিশোরীদের স্বপ্ন পূরণের পথ সুগম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক,ভারপ্রাপ্ত ম্যানেজার সাধন দাস, এপি ম্যানেজার রবার্ট কমল সরকার এবং ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মমিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।