জহুরুল ইসলাম কাজিপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।আজ ১২ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে কাজিপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারানী সাহা’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর উপজেলা সমবায় অফিসার মোঃ খালেকুজ্জামান ও শুভগাছা ইউনিয়ন সচিব মোঃ আবু সাইদ প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুরা বোঝা নয়, তারা দেশের সম্পদ। বাল্যবিবাহ রোধ, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ ও তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে কাজিপুর পৌরসভার কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।