admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
বাংলাদেশের রেল খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। রেল খাতে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তুরস্ক। আজ রোববার এ কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। এদিন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। রেলওয়েকে পরিবেশবান্ধব, সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা উল্লেখ করে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ঢাকা-আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
যাতে উভয় দেশের রেল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি। এ সময় রেল খাতে বিদেশি বিনিয়োগ খোঁজার কথা জানিয়ে রেলমন্ত্রী সুজন বলেন, রেলওয়েতে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এই খাতের উন্নয়নে আগামীতে আরো কিছু প্রকল্প হাতে নেয়া হবে। রেলের মহাপরিকল্পনা ধরেই বিভিন্ন প্রকল্প নেয়া হচ্ছে।
চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম-কক্সবাজার নতুন লাইন নির্মাণ, পদ্মা সেতুর রেল সংযোগ, ঢাকা-যশোর নতুন রেললাইন নির্মাণ, যমুনা নদীতে রেলসেতু নির্মাণ, ভাঙ্গা-পায়রা বন্দর নতুন লাইন নির্মাণ ইত্যাদি। যমুনা নদীর কারণে দুই ভাগে বিভক্ত রেলপথের বেশিরভাগই সিঙ্গেল লাইন উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সকল সিঙ্গেল লাইন পর্যায়ক্রমে ডাবল লাইনে উন্নীত করা হবে।
বিভিন্ন দেশ থেকে নতুন লোকোমোটিভ ও প্যাসেঞ্জার কোচ সংগ্রহ করা হচ্ছে। কারখানাগুলোর আধুনিকায়নের পাশাপাশি ইলেক্ট্রিক ট্রাকশনের দিকে যাব বাংলাদেশ। সাক্ষাৎ অনুষ্ঠানে রেল সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, তুর্কি দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি প্রমুখ উপস্থিত ছিলেন।