admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
বাংলাদেশে তৃতীয় ধাপ পর্যন্ত বিনাভোটের চেয়ারম্যান ২৫২, মেম্বার ৭৯৪। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিনাভোটে নির্বাচিতদের সংখ্যা। ইতোমধ্যে দুটি ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ছিল গতকাল ১১ নভেম্বর। তাতে দেখা গেছে, এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০০ জন। তিনটি ধাপ মিলে এই সংখ্যা ২৫২ জন। প্রথম ধাপে বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যানের সংখ্যা ছিল ৭২ জন। দ্বিতীয় ধাপে ছিল ৮০ জন।
তৃতীয় ধাপে ১০০। চতুর্থ ধাপে এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতো গেল চেয়ারম্যানের হিসেব। এর বাইরে সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯৪ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এছাড়া আরও অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে।
এ অবস্থায় অধিকাংশ স্থানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। সেই প্রার্থীকে বুঝিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিতে পারলেই বিনাভোটে জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। আর যদি সরিয়ে না দেওয়া যায়, তাহলেই শুরু হচ্ছে সংঘাত। এখন পর্যন্ত দুটি ধাপের নির্বাচন শেষ হয়েছে। এরই মধ্যেই সংঘাতে মারা গেছেন অন্তত ৬ জন, আহত হয়েছেন আরও ১০০ জন।