admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
বাংলাদেশে আজ বৃহস্পতিবার ৪২তম বিসিএসের ফল প্রকাশ। চার হাজার চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের চিন্তা করা হলেও পরে পদের সংখ্যা বাড়িয়ে তা চার হাজার করা হয়। পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর মাধ্যমে সহকারী সার্জনের দুই হাজার শূন্যপদ পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়।
এ লক্ষ্যে ২০২০ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরবর্তীতে বিজ্ঞাপিত দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরো দুই হাজার পদ যোগ করে এবং মোট চার হাজার পদে সহকারী সার্জন নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় জানায়, ৪২তম বিসিএস পরীক্ষা ২০২০ এর এমসিকিউ টাইপ লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী চার হাজার জনকে সাময়িকভাবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে। তবে উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিছু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন- এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। গত ২৩ মে থেকে, ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ মে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা স্থগিত করা হয়। এ বিসিএসের ভাইভা শুরু হয় গত মাসের ১০ তারিখ থেকে।