admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৮:৪৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে আগামী ৩-৪ দিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর পরীক্ষা শুরু করবে মন্ত্রণালয় জানিয়েছে । দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ঢাকার শাহজালালে করোনার আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের প্রক্রিয়া চলছে। এ জন্য ৭টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রবাসীদের জন্য আগামী ৩-৪ দিনের মধ্যে এই পরীক্ষাগার চালু করার কথা জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন বিকালে বিমানবন্দরে পরীক্ষাগার স্থাপনের এলাকাটি পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে প্রবাসীকল্যাণমন্ত্রীকে বেবিচক চেয়ারম্যান জানান, শিগগিরই বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু করবে পরীক্ষাগার স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার। পরে বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক পরিদর্শনের পাশাপাশি প্রবাসীদের দেয়া সেবা কার্যক্রম তদারকি করেন মন্ত্রী ও সচিব।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর শাজজালালে পিসিআর পরীক্ষাগার স্থাপনে ৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথস কেয়ার (বিডি), সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, গুলশান ক্লিনিক ও ডিএমএফআর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক। গত বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, এসব প্রতিষ্ঠানকে পিসিআর পরীক্ষাগার স্থাপনে ৩-৬ দিন সময় দেয়া হয়েছে। এ ছাড়া করোনা পরীক্ষার জন্য নেয়া হবে ১৭০০-২৩০০ টাকা।
দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেয়া হয়। বাকি দুটি হলো- চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি চললেও দেশের একটিও আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগার নেই। এ নিয়ে প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আমরণ অনশনের হুমকি দিয়েছেন।