admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ আগামীকাল শুক্রবার থেকেই গণপরিবহন চালুর দাবি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা সর্বাত্মক লকডাউনের আওতায় দেশব্যাপী গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে আগামীকাল শুক্রবার থেকেই তা ফের চালু করার দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য উপস্থান করেন সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ। গত ৫ এপ্রিল থেকে বাস চলাচল বন্ধ থাকায় প্রায় ৩০ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, আয় না থাকায় পরিবার নিয়ে কষ্টে আছেন পরিবহন শ্রমিকরা।
কোটি কোটি টাকার বাসগুলো অলস বসে আছে উল্লেখ করে রমেশ চন্দ্র ঘোষ বলেন, শ্রমিকদের পাশাপাশি বাস মালিকরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। লকডাউনে সিএনজি-মাইক্রোবাসসহ ছোট যানবাহন চলছে মন্তব্য করে তিনি বলেন, এসব বাহনে মানুষ গাদাগাদি করে চলাচল করছে। স্বাস্থ্যবিধি মেনে বাস চালু করা হলে যাত্রীরা এ থেকে রক্ষা পাবে। অর্ধেক আসন ফাঁকা রেখে বর্ধিত ভাড়ায় বাস চালুর দাবি জানিয়ে বলা হয়, সরকারের কাছে স্বল্প সুদে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের জন্য ৫ হাজার কোটি টাকা থেকে বরাদ্দ জরুরি।
এ সময় সমিতির জেনারেল সেক্রেটারি আবু রায়হান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রোটারি শুভঙ্কর ঘোষ রাকেশ ও কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির উপস্থিতি ছিলেন। এদিকে, গণপরিহন চালুর দাবিতে আজ গাবতলী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। পরে সড়ক থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।