admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ, সম্পর্কোন্নয়নে আগ্রহী। শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। আজ সোমবার, ২৫ অক্টোবর, এ সাক্ষাতের সময় দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, আমাদের উচিত— দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা এবং সেইসঙ্গে এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান।
তিনি জানান, পাকিস্তানের প্রতিনিধিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণয়ন করা নীতি। আর তা হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বৈঠকে পাক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী পাকিস্তান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কাছে হস্তান্তর করেন।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালে ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য পাকিস্তানের হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাকিস্তান বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশ করায় প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়া উদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং, একটি ফটো অ্যালবাম এবং ভিডিও ফুটেজও উপহার দেন হাইকমিশনার।