admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫৫ পূর্বাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য গত শুক্রবার ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ফিনল্যান্ডে দুদিন যাত্রাবিরতি শেষে চার্টার্ড বিমানে করে রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
বাংলাদেশের সরকার প্রধানের এই সফরের মধ্য দিয়ে ঢাকা-নিউইয়র্ক রুটে আগামীতে বিমানের নিয়মিত ফ্লাইট চালু হবে। দেশটি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমানে এসেছেন, হতে পারে চার্টার্ড ফ্লাইট। কিন্তু বিমানকে অ্যালাউ করেছে তারা, এটি সুখবর।
ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালু হলে আমেরিকাবাসীরা খুব খুশি হবেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহু বছর আগে বাংলাদেশ বিমানে করে নিউইয়র্ক থেকে ঢাকায় যেতাম আমরা। তারপর বিমান বন্ধ হয়ে যায়। এখন আবার বিমান নিউইয়র্কে এসেছে। ফ্লাইট চালুর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটির সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। ফ্লাইট চালুর বিষয়টি বেশ ভালো পর্যায়ে রয়েছে। বিমানের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ, প্রধানমন্ত্রীর ইমেজ, বিশ্বে ঢাকার সুনাম বৃদ্ধি এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য এটি অনেক অগ্রগতি হয়েছে। সে জন্য আমরা আশাবাদী হতে পারি।
এদিকে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সফর করবেন তিনি। সেখানে ২৫-৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকার পর ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথেও ফিনল্যান্ডে যাত্রাবিরতি করে আগামী ১ অক্টোবর দেশে পৌঁছাবেন শেখ হাসিনা।
করোনা মহামারির কারণে প্রায় দুই বছর পর বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি হওয়ায় যুক্তরাষ্ট্রে যেতে হয়নি তার। এবার জাতিসংঘে ১৮তম ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।