তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে-২০২৬ বুধবার দিনাজপুর দুদক কার্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
রংপুর বিভাগের দুদকের পরিচালক মোঃ নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। দিনাজপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, দুদক দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং যেখানেই অনিয়ম বা দুর্নীতি পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় ভূমিকা রাখছে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে দুদকের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত ফটোসেশন অনুষ্ঠিত হয়।