তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
দিনাজপুরে নিরাপদ খাদ্য আইনে সামারি ট্রায়াল পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সামারি ট্রায়াল পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।
রবিবার (২১ জুন) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দিনাজপুর শহরের দিলশাদ রেস্তোরাঁ, ভিন্ন স্বাদ এবং কাচ্চি ভাই এই তিন প্রতিষ্ঠানে সামারি ট্রায়াল পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) পরিচালনার সময় দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কার্যক্রম চলাকালে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাবিহীন বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। সে কারণে এই জরিমানা করা হয়। এসব পণ্যের মধ্যে দই, রসমালাই, কফি, চানাচুর, গোস্ত, মসলা ইত্যাদি উল্লেখযোগ্য।
সামারি ট্রায়াল পরিচালনার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী দিনাজপুর শহরের হাসাপাতাল মোড়ের দিলশাদ রেস্তোরা, গনেশতলা মদিনা টাওয়ারে কাচ্চি ভাই ও নিমতলা মোড়ে ভিন্ন স্বাদ এই তিন প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষিনক আদায় করা হয়। দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা সোমবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।