উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াবান গ্রামে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাফিউল ইসলাম বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, ঘোড়াবান মৌজার ২২৯, ২১৮, ৫৫৩ ও ৫৫৪ নম্বর দাগের প্রায় ৫৭ শতক জমি তাঁদের পরিবার প্রায় ৩০ বছর ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছে। সম্প্রতি প্রতিবেশী মো. পমির উদ্দিন ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে লাগানো ভুট্টা কেটে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সাফিউল ইসলাম বলেন, “অনেক লোকজন নিয়ে এসে জোর করে ভুট্টা কেটে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি আতঙ্কজনক হয়ে উঠলে আমি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিই। পরে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কাটা ভুট্টা স্থানীয় ইউপি সদস্য নয়ন ইসলামের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে সাফিউল ইসলাম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি রক্ষায় তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।