তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
দিনাজপুরে চলন্ত ট্রেনে র্যাব ১৩ এর অভিযানে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাত দশটায় সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের খ বগির ৪ নং এসি কেবিনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে আসামিদের দেহ তল্লাশি করে নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে মোড়ানো ৩৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো আসলাম আলী (৪৮), পিতা- মৃত সাজদার মোল্লা এবং হৃদয় ইসলাম রনি (২৭), পিতা- আব্দুল কুদ্দুস, উভয় সাং- কালিকাপুর, থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।