admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন, সোমবার থেকে কার্যকর। তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আজ রোববার, ৭ নভেম্বর, সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ডিজেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ধারা ৩৪ এর ২-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পক্ষ থেকে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করা হল।
দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার পরিবর্তে ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটারে যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ১৫ পয়সা এবং ১ টাকা ৬০ পয়সার পরিবর্তে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার পরিবর্তে ১০ টাকা এবং ৫ টাকার বদলে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির বা ডিটিসিএর আওতাধীন জেলার অর্থাৎ নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকা জেলার ভেতরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে একজন যাত্রীর জন্য কিলোমিটার প্রতি ১ টাকা ৬০ পয়সার পরিবর্তে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে।
এতে আরো বলা হয়, আরামদায়ক ভ্রমণের জন্য প্রস্তুতকারক অথবা বিআরটিএ থেকে অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস কিংবা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে ভাড়ার হার নির্ধারিত হবে আনুপাতিকভাবে। তবে এক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা বিআরটিএ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।
বর্ধিত ভাড়া গ্যাস, অকটেন ও পেট্রোল-চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না উল্লেখ করে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত এর আগের জারি করা সকল প্রজ্ঞাপন বা আদেশ বাতিল করা হল।
জনস্বার্থে জারি করা এ ভাড়ার হার ৮ নভেম্বর, আগামীকাল সোমবার, থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।