পজিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পারুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছা. তসলেমা আকতার (৪০) নামে ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক তসলেমা আকতার পারুয়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।