admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
জাপান থেকে মেট্রোরেলের আরও একটি চালান। আজ শনিবার, ২ অক্টোবর, সকালে মোংলা বন্দরে এসে পৌঁছেছে চালানটি। থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এদিন ৮টি বগি ও ৪টি ইঞ্জিনের দুই সেট কোচ নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। জানা যায়, এর আগে গত ১৪ সেপ্টম্বর জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় জাহাজটি। এতে মেট্রোরেলের বগি ছাড়া আরও ৩২টি প্যাকেজের সরঞ্জাম এসেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এর পর পরই ওই জাহাজ থেকে মেট্রোরেলের বগি ও ইঞ্জিন খালাস প্রক্রিয়া শুরু করা হয়। আশা করা হচ্ছে, সন্ধ্যা নাগাদ এসব পণ্য পুরোপুরি খালাস শেষ হবে। এ ব্যাপারে এমভি এসপিএম ব্যাংককের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, মেট্রোরেলের বগি নিয়ে আরও একটি চালান আগামী মাসে দেশে আসার কথা রয়েছে।
২০২২ সালের মধ্যে সব মিলিয়ে মেট্রোরেলের ১০২টি বগি ও ইঞ্জিন আসবে। প্রসঙ্গত, এর আগে ৪টি বিদেশি জাহাজে করে মোট ৩৪টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি ঢাকায় ইতোমধ্যে সংযোজন করা হয়েছে। ইতোমধ্যে মেট্রোরেলের বাস্তবতা দেখেছে রাজধানীবাসী। রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তব পরীক্ষামূলক চলাচল হয় গত ২৯ আগস্ট।