ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাট খাদ্য গুদামে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও সরকারি ধান সংগ্রহে সিন্ডিকেটের কারসাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্ষুব্ধ কৃষক ও সর্বস্তরের জনগণ।বুধবার ২রা সেপ্টেম্বর দুপুরে রাজারহাট প্রেসক্লাব রাজারহাট চত্ত্বরে রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে-এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি)-জনাব মোঃ হুমায়ুন কবির এর প্রত্যক্ষ মদদে সরকারি ধান সংগ্রহের ক্ষেত্রে চরম অনিয়ম চলছে। সিন্ডিকেটের জাঁতাকলে পড়ে প্রকৃত ও সাধারণ কৃষকরা সরকারি মূল্যে গুদামে ধান বিক্রি করতে পারছেন না। দালাল ও সিন্ডিকেট চক্রের মাধ্যম ছাড়া সাধারণ কৃষকের ধান গুদামে নেওয়া হচ্ছে না,ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতিবিলম্বে খাদ্য গুদামের এই দুর্নীতি বন্ধ,অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূল এবং বিতর্কিত ওসিএলএসডির বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উক্ত মানববন্ধনে রাজারহাট উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।