admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালে ৩ মাস বন্ধ রাতের ফ্লাইট। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালে সংস্কার কাজের জন্য রাতের ফ্লাইট ৩ মাস বন্ধ থাকবে। ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দরটির রানওয়ে বন্ধ থাকবে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চলছে।
সে জন্য রাতে নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। কাজের সুবিধার্থে রাতে রানওয়ে বন্ধ থাকবে। এর ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। ওই সময় জরুরি প্রয়োজনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। তাছাড়া শীতে ঘন কুয়াশার কারণে শাহজালালে মধ্যরাতের ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়েছে।
প্রতি বছর নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইট সূচি অনুসরণ করা হয়ে থাকে। কেননা, রাত ২টা থেকে সকাল ৮-৯টা পর্যন্ত কুয়াশার কারণে রানওয়ে কম দৃশ্যমান থাকায় ফ্লাইট ওঠা-নামা করতে সমস্যা হয়। বিশেষ পরিস্থিতিতে ফ্লাইট অন্য বিমানবন্দরেও অবতরণ করানো হয়।