ডাঃ নুরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
সারাদেশে নিম্ন চাপের কারণে দুই দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিরামপুরের সহ উত্তর অঞ্চলের জনজীবন। থেমে থেমে চলা এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও মাঠের কৃষকরা।
গত কাল শনিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। সকাল ৬ টা থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলতে থাকে। সারাদিন সূর্য দেখাও মেলেনি। হিমেল ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় কৃষকরা তাদের গায়ে চাদর জড়িয়ে ছুটছেন মাঠের দিকে। শ্রমজীবী মানুষেরাও ছেঁড়া জোড়া তালি দেওয়া চাদর পেশিয়ে ছুটছেন কাজের সন্ধানে। স্কুলের শিশুরাও গরম কাপড় গায়ে জড়াতে শুরু করেছে।
বৃষ্টিতে ভিজে মাঠে কাটা আমন ধান নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা দিশেহারা। মাঠে কাটা ধান দ্রুত ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের কৃষক মানিক বলেন, ধান কাটার ভর মৌসুমে হঠাৎ বৃষ্টিতে কাটা ধান জমিতে ভাসছে। ভেজা ধান শুকনো না হওয়া পর্যন্ত ঘরে তোলা সম্ভব হচ্ছেনা। এতে শ্রমিক খরচ বেশি হবে। এবং বাজারে ভিজা ধান কম দামে বিক্রি করতে হয়। তাছাড়া শীতকালীন আগাম আলু চাষ বৃষ্টির কারণে পিছিয়ে যাবে। খুব চিন্তায় আছি।
এদিকে বৃষ্টির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে গেছেন। পৌর এলাকার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভ্যানচালক মোজাম্মেল হক বলেন, সারাদিনের ঝিরিঝিরি থেমে থেমে বৃষ্টির কারণে লোকজন বের হচ্ছে না। ভাড়া পাইনি। ঘরে বাজার নাই।