সোহরাব আলী, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
বালাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। সোমবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তরের সময় এ সহায়তার তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের দুর্গম অঞ্চলসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের এক বিবৃতিতে জানানো হয়, সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখতে নিউবর্ন ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী বিভিন্ন সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ডচেইন সরঞ্জামসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী সহায়তা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে সকাল ১১ টায় বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পরিবারসহ বাংলাবান্ধা স্থল বন্দর পরিদর্শন করেন।