মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নং জামালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনের ছেলে, মোহাম্মদ খোরশেদ আলী (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মোছাঃ মাজেদা বেগমের ছেলে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নামে তৈরি করা অনলাইন ক্যাসিনো আইডির মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্যাসিনো বা জুয়া খেলায় অংশগ্রহণ করতেন। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইন ক্যাসিনো সমাজ ও অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি।
এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে অনেক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এছাড়া অবৈধ অর্থের প্রবাহ সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর ওসি বলেন, অনলাইন ক্যাসিনো, সাইবার প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখার অভিযান আরও কঠোরভাবে চলমান থাকবে। এছাড়াও ঠাকুরগাঁও সালান্দর সহ আশেপাশের আরও অনেক অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানা যায়।