নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর শহরের স্বর্ণপট্টি এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার ২২ জুন দুপুরে এ ঘটনা ঘটে। আহত স্বামীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ঠাকুরগাঁও স্বর্ণপট্টি এলাকায় রাস্তার ওপর তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী পারুল আক্তারের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে স্বামী সুলতান মিয়ার বুকের ডান পাশে আঘাত করেন।
পারুল আক্তারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত সুলতান মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।