উত্তম কুমার,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ক্যাম্পাস থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস, বীরগঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গির বাদশা রনি,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহিদা হক সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ কর্মসূচির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে বীরগঞ্জকে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।