পি.কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দরে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে উন্মুক্ত ও ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। গত সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উন্মুক্ত লটারী পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায়, আইসিটি কর্মকর্তা মাহাফুজার রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রাপ্ত সূত্রে জানা গেছে, লটারিতে নির্বাচিত কৃষকেরা সরকারি খাদ্য গুদামে নির্ধারিত পরিমাণ ধান বিক্রির সুযোগ পাবেন।
চলতি মৌসুমে ধান বিক্রির জন্য মোট ১ হাজার ৪০৯ জন কৃষক আবেদন করেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৪৫৬ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান সংগ্রহ করা হবে।