মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
বগুড়ার মোকামতলা এলাকায় সামান্য তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষীপুর এলাকার ইয়াছিন আলী (৩৩) ও সুমন মোল্লা (৩৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন।
পরে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। আহত অবস্থায় সুমন মোল্লাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।