তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন এলাকায় গত ১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে এবং পেশাদার চোর বাদল চন্দ্র রায়কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ০৯/০৮/২০২৫ ইং তারিখ ফুলবাড়ী থানার আটপুকুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠান হতে ২টি ডিএসএলআর ক্যামেরা এবং ২টি মোবাইল চুরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। উক্ত জিডির তদন্তকারী কর্মকর্তা ক্যামেরা এবং মোবাইল উদ্ধারের জন্য অভিযান করে কোনো সুরাহা করতে না পারলে জিডির বাদী পরবর্তীতে ফুলবাড়ী থানায় একটি মামলা রুজু করে।
মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর হয়। পরবর্তীতে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং জেলা সাইবার শাখা তথ্য-প্রযুক্তির মাধ্যমে উক্ত ঘটনার চোরকে শনাক্ত করে। পরবর্তীতে ১৫/০৫/২০২৬ ইং তারিখ রাতভর অভিযান পরিচালনা করে চোর বাদল চন্দ্র রায়কে গ্রেফতার করে এবং চোরের দেওয়া তথ্যমতে ২টি ক্যামেরা নীলফামারী এবং রংপুর এলাকা থেকে উদ্ধার করে।
চোরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, নীলফামারী জেলার জলঢাকা থানার বাপ্পি নামের এক ছেলের সাথে চোর বাদলের ভালো সম্পর্ক। বাপ্পি পুরাতন ফোন কেনা-বেচা করে। চোর মূলত বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পাত্র বা পাত্রী পক্ষ হয়ে যায়।
এরপর সুযোগ বুঝে বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ক্যামেরা, মোবাইল চুরি করে। পরে তা বাপ্পিসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করে এবং টাকা ভাগাভাগি করে নেয়। উক্ত চোরের নামে একাধিক মামলা রয়েছে।