মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ মে) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে উজ্জ্বল শেখ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মাঠাইকোনা গ্রামের আবুল শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং একই থানার সাংকুটিয়া গ্রামের আলাউদ্দিন।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহীন সরকার জানান, শহরে মাদকবিরোধী অভিযান চলাকালে তিনজনকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভাং গাছের পাতার ওজন প্রায় আধা কেজি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।