মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন কারবারিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল হাসান (২৪), নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৮) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কোলসনিপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে বুলবুল আহম্মেদ (২৮)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম দুইজনকে ছয় মাস করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।