admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ১:৪৫ অপরাহ্ণ
বিশ্বব্যাপী আতঙ্ক হিসেবে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র স্থানীয় সময় ১২ মার্চ, বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে । এ ভাইরাসে সংক্রমণের আশঙ্কায় ১৪ দিনের জন্য সেলফ-কোয়ারেন্টাইনে আছেন তিনি। তার সঙ্গে সেলফ-কোয়ারেন্টাইনে আছেন জাস্টিন ট্রুডোও। তবে জাস্টিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর জনসংযোগ পরিচালক বলেছেন, বর্তমানে সোফি গ্রেগরি ট্রুডো ভালো বোধ করছেন এবং তার লক্ষণগুলোও প্রকট নয়। স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাস্টিন ট্রুডোও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ না থাকায় এই সময়ে তার পরীক্ষা করা হবে না।
উল্লেখ্য, গত ১১ মার্চ, বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার পর সোফি গ্রেগরি ট্রুডোর মধ্যে সামান্য অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল। এরপর থেকেই স্বামীসহ সেলফ কোয়ারেন্টাইনে চলে যান তিনি। পরে বৃহস্পতিবার রাতে ৪৪ বছর বয়সি সোফির শরীরের করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কানাডায় কোভিড-১৯ নামের এ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৩ জন। ইতোমধ্যে সেখানে একজনের প্রাণও কেড়েছে ভাইরাসটি। আর সারা বিশ্বে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন।