আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
পঞ্চগড়-১ আসনের আটোয়ারি উপজেলায় নমুনা ব্যালট পেপারসহ আটক হয়েছেন উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু। তাকে সামারি ট্রায়ালে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার দুপুরে আটোয়ারি উপজেলার আটোয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোট চলাকালে কেন্দ্রের গেটে অবস্থানকালে সুকুমার দাসের কাছে নমুনা ব্যালট পেপার পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত বিচারিক ম্যাজিস্ট্রেট রানা পারভেজ সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পঞ্চগড় জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,একটি কেন্দ্রে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ায় তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।