নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তের পর ঢাকার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তিনি বলেন, এই অবস্থান নেওয়ার ফলে স্বল্পমেয়াদে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে তা পাকিস্তানের জন্য লাভজনক হবে। নীতি, পারস্পরিক সম্মান ও সমান আচরণের ভিত্তিতে বাংলাদেশের পাশে দাঁড়ালে এর প্রভাব সুদূরপ্রসারী হবে বলে তিনি মন্তব্য করেন।
রানা সানাউল্লাহ আরও বলেন, বাংলাদেশের সঙ্গে অবস্থান নিলে ১৯৭১ সালের পর সৃষ্ট ঐতিহাসিক দূরত্ব কমানোর সুযোগ তৈরি হতে পারে এবং ভবিষ্যতে দুই দেশ ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গড়ে তুলতে পারবে। এদিকে বাংলাদেশের সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ্যে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে এবং সংস্থাটির দ্বিমুখী নীতির সমালোচনা করেছে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি জানান, সরকার থেকে নির্দেশনা পাওয়ার পরই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং সব সদস্য দেশের জন্য সমান নীতি প্রয়োগের দাবি অব্যাহত থাকবে।