ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি সহ সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০১ নভেম্বর দুপুর ১২টায় জেলার কলেজ মোড় এলাকায় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কিন্তু নানা সময় তারা অন্যায়ের শিকার হচ্ছেন, ন্যায্য পারিশ্রমিক ও নিরাপত্তা থেকেও বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। পাশাপাশি সাগর-রুনি সহ অন্যান্য সাংবাদিক হত্যার দ্রুত বিচার সম্পন্নেরও দাবি জানান তারা।
এসময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ঘোষিত ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম রিগ্যান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,তামজিদ হাসান তুরাগ প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।